পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

আম জনতার ছড়া

আমরা সবাই আম জনতা
নেতার কথায় কাম করি
হর হামেশা পাই না কাছে
তবু নেতার নাম করি!

মন যোগানোর জন্যে তাদের
হন্যে হয়ে পিছ ধরি
কিন্তু কপাল খারাপ বলে
রোজই তাদের মিস্ করি!

নির্বাচনের সময় নেতা
এই আমাদের পিছ্ ধরে
নির্বাচনে জেতার পরই
জনগণকে মিস্ করে!!

ভাবাসার বৈশাখে

সত্য পথে কেউ হাঁটেনি
তাই কী তুমি হাঁটবে না,
কেউ খাটেনা সঠিক ভাবে
তাই কী তুমি খাটবে না?

সুখ পাখিটা কেউ ধরেনি
তাই কী তুমি ধরবে না,
মন ভালো নেই, তাই বলে কী
মনকে ভালো করবে না?

ভবঘুরে হয়েই তুমি
পথে ঘাটে ঘুরবে কী,
মনের ডানায় ভরটা দিয়ে
আকাশ পানে উড়বে কী?

তোমার জন্যে অপেক্ষমান
ডাকছে পাখি ওই শাখে
আর ঘরে নয়, বাইরে এসো
ভালোবাসার বৈশাখে!

ভাঙা মনে দুখের নদী

মনের কথা বলতে গিয়ে
নিজের মতো চলতে গিয়ে
পেলাম যখন বাধা;
বুকের আশা পন্ড করে
মনটাকে দ্বি-খন্ড করে
ভেঙে দিলাম ধাঁধা।

ভাঙা মনে তাইতো এখন
বইছে দুখের নদী
দু:খ ভরা জীবন আমার
চলছে নিরবধি......।

বুধবার, ৫ জানুয়ারি, ২০১১

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-১১

ছড়া থাকে রাজনীতি, ভোটেও
স্লোগানেতে জনতার ঠোঁটেও।
থাকে ছড়া নেতাদের ভাষণে
দেখ ছড়া রাজ সিং-হাসনে!

ছড়া হলো সত্যের অস্ত্র,
গরীবের দেহ ঢাকা বস্ত্র-
হয়ে থাকে দিনে আর রাতেও
ছড়া দেখ দুধমাখা ভাতেও!

ছড়া দেখ বুলেট আর বোমাতে
পারে ছড়া সন্ত্রাস দমাতে।
ছড়া হয় সৎ পথে সাথী আর-
হয়ে থাকে বিজয়ের হাতিয়ার!

ছড়া দিয়ে গড়া হয় উৎসব-
দূর হয় সমাজের ভূত সব!

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-১০

ছড়াকার

ছড়া লেখা ভাল কোন 'জব' ও না
লিখে ছড়া কোটিপতি হবো না!
হতে চাই তবু আমি ছড়াকার
ভাবি এই দু'টো হাত গড়া কার?
এই মনে এত কথা কে দিল?
তাঁর কাছে মাথা নত এই জ্ঞান যে দিল।

লিখি ছড়া, পড়ে সেটা ক'জনে?
পাগলামো করি, ভাবে স্বজনে!

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-৯

ইচ্ছে করে কষ্ট তো আর
চায় না দিতে কেউ মা'কে
চাকরীটা যে সোনার হরিণ
পায় না খুঁজে কেউ তাকে।

চাকরী তো নয় মামার বাড়ি
চাকরী যে নয় সিন্দাবাদ
সবাই কেবল চাকরীটাকেই
বলছে দেখি জিন্দাবাদ।

পায়ের জুতো ক্ষয় হয়ে যায়
চুল পড়ে হয় টাক মাথা
চাকরী খুঁজে পায় না বেকার
বয়স বেড়ে যাক না তা।

কেমন করে বেকার যুবক
করতে পারে সৎ আশা
জীবন জুড়ে পায় বেকারে
দুঃখ-জ্বালা, হতাশা!

ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী-৭

পতাকা
ছড়া আছে বিজয়ের মালাতে
গরীবের ভাত চাওয়া থালাতে।
ছড়া আনে স্বাধীনতা মুক্তি
সত্যের সাথে করে চুক্তি।

বদলাতে জানে ছড়া দিন-কে
ছড়া শোধ করে দেনা, ঋণ-কে।
ছড়া পারে পরাজয় এড়াতে
মঙ্গলে যেতে পারে বেড়াতে!

ছড়া তাই বিজয়ের পতাকা
পতাকায় জনতার মত আঁকা।