পৃষ্ঠাসমূহ

শনিবার, ৬ আগস্ট, ২০১১

কম খাওয়ার পরামর্শ


কম খাওয়ারও পরামর্শ
দিচ্ছে এখন কর্তারা-
বিল খেলাপী, ঋণ খেলাপী
দিচ্ছে কী ভাই কর তারা?

তারাই আগে বলেছিল
দশ টাকাতে চাল দেবে
বেশ টাকাতে খেলেও এখন
দেখছি তারা গাল দেবে!

চল্লিশ টাকা চালের কেজি
একশ বিশে ডাল দেখ
চিনির বস্তা উধাও হলো
নুন হারাবে কাল দেখ।

পান্তা ভাতে নুনের ছিঁটা
হন্যে হয়ে খুঁজবে কী?
কর্তারা তো 'আরাম বাগে'
জাতির বিপদ বুঝবে কী?

রাখবো দিনে রোযা

সময় মতো সাহরী খাবো
রাখবো দিনে রোজা-
জীবন থেকে চাই কমাতে
পাপের কিছু বোঝা।

পড়বো কুরআন অর্থ বুঝে
মানবো খোদার বাণী
রামাদ্বানেই কুরআন শরীফ
নাযিল হলো জানি।

রাতের বেলা পড়বো নামাজ
থাকবো দিনে রোজা-
আঁকা-বাঁকা পথটি ছেড়ে
চলবো পথে সোজা।

আল্লাহ পাকের তসবীহ জপে
দিনটা যাবে কেটে
ইফতারিতে কী আনন্দ
পড়বে দানা পেটে! 

মে দিবসের ছড়া

এক.
মে দিবসে বলবো কি আর
একটি কথা বলতে চাই-
শ্রমিকদেরে মানুষ ভেবে
তাদের সাথে চলতে চাই।

আমরাও যে সবাই শ্রমিক
এই কথাটি মানতে চাই-
সকল কাজেই এখন থেকে
শ্রমকে টেনে আনতে চাই!

দুই.
ডাক্তার এবং ইঞ্জিনিয়ার
শ্রম যে বিলায় বিজ্ঞানি আর
আদালতে জজ-উকিলে
শ্রম যে বিলায় কেস টুকিলে!

শ্রম দিতে হয় মাস্টারিতে
কিংবা গাছ ও বাঁশ টানিতে
ব্যবসাতেও শ্রম দিতে হয়
নয়তো কিছু কম দিতে হয়।

খেলাধুলা অভিনয়ে 
শ্রম দিতে হয় সব সময়ে
পরিশ্রমে ধন যে আনে
তাই সেদিকে মন যে টানে।

নির্বাচনী ছড়া

শহরতলী, গ্রামে-গঞ্জে নির্বাচনের হাওয়া
সকাল দুপুর সন্ধ্যা রাতে যায়রে সালাম পাওয়া।
অমুক ভাই আর তমুক ভাইয়ে ডোর থেকে ডোর ঘুরে
সবাই কত আপন এখন, কে্উ থাকে না দূরে!

মোরগ, হাতী, গরুর গাড়ি মার্কা আছে কতো-
আনারস আর আম, কাঁঠালও প্রতীক মনের মতো।
কে্উ বা আবার ব্যতিক্রমী সেলাই মেশিন, ঘড়ি-
কারো প্রতীক দা-কুড়ালও কে্উ বা হাতের ছড়ি! 

বই-খাতা বা কম্পি্উটারও মার্কা যে ভাই কারো
ক্রিকেট ব্যাটও বাদ পড়েনি মার্কা আছে আরো!
আমরা যারা আম জনতা তাদের পিছে ঘুরি
তাদের সালাম পাচ্ছি এখন করুক পরে চুরি!

যে ছেলেটা

যে ছেলেটা রিক্সা ঠেলে
কাগজ টোকায়
বস্তা হাতে ঘুরে;
তার কাছে কেউ যায় না তো ভাই
ঘৃণা করে!
দেয় তাড়িয়ে দূরে।

পথের ধারে ইট ও পাথর ভাঙে যারা
বিক্রি করে
বাদাম, পানি, ফুলের মালা
তাদের তো কেউ দেয় না স্নেহ-
আদর, সোহাগ এনে;
ঘুরে বেড়ায় পথে ঘাটে
ইচ্ছে হলেই নিতে পারো
তাদের তুমি ভালবেসে
তোমার কাছে টেনে।

তাদের পাশে দাঁড়াও-
একমুঠো ভাত পায় না যারা
ভালবাসার পরশ নিয়ে 
তাদের দিকে
খোদার দেয়া হাত দু'টোকে বাড়াও।

বৃষ্টি আমার

বৃষ্টি আমার মন কেড়ে নেয়
টাপুর টুপুর সুর করে,
বুকের ভেতর জমিয়ে রাখা
দু:খ ব্যথা দূর করে।

বৃষ্টি আমার বুকের ভেতর
টাপুর টুপুর গান করে,
অতীতটাকে স্মরণ করায়
হৃদয়টা আনচান করে।

বৃষ্টি আমার চোখ দুটোকে
দেয় জুড়িয়ে খুব করে,
তাইতো আমি বৃষ্টি দেখি
দাড়িয়ে বসে চুপ করে।

বৃষ্টি আমার ভালবাসা
বৃষ্টি আমার পছন্দ,
বৃষ্টি দিয়ে তাইতো গড়ি
কাব্য কথা ও ছন্দ!

রাজপথে কেউ বের হবে না

রাজপথে কেউ বের হবে না
মিছিল মিটিং করবে না-
প্রশাসনের বিরুদ্ধে কেউ
স্লোগান কভু ধরবে না।

নইলে তোমার ফাটবে মাথা
গ্যাঞ্জি ধরে টান খাবে
প্যান্ট-টা খুলেও নিতে পারে
তখন তোমার মান যাবে! 

আর যদি হও মাইয়া তুমি
তাইলে তোমায় বিবস্ত্র-
করবে পুলিশ রাজপথে ঠিক
তোমার হাতে কি অস্ত্র?

ঘরের ভিতর ঘুমিয়ে থাকো
বের হবে না রাজ পথে-
নইলে তোমার মৃত্যুও যে 
ঘটতে পারে মাঝ পথে!